ডেস্ক : কুমিল্লার ‘গায়ক আসিফ’ হিসেবে পরিচিত সংগীতশিল্পী আসিফ আকবর এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে এবং বিসিবির পরিচালক পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
যদিও তিনি মূলত কণ্ঠশিল্পী, আসিফ একসময় ক্রিকেটার ছিলেন। নব্বইয়ের দশকে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। কুমিল্লা জিলা স্কুল এবং ভিক্টোরিয়া কলেজে তিনি আন্তঃকলেজ ক্রিকেটে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ বলেন, “কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। গত ছয় বছর ধরে এখানে ক্রিকেট লীগ হয় না। বিসিবিতে আসলে প্রথম লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের অবস্থায় ফিরিয়ে আনা।”
তিনি আরো বলেন, “অনেকে নিজের এলাকার ক্রিকেটে নজর দেয় না, আমি চাই কুমিল্লার ছেলেমেয়েরা মাঠমুখী হোক। মাদক ও কিশোর গ্যাং কমাতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামে ভাড়া দিয়ে ঢাকার ক্লাব খেলায় মুখরিত হলেও স্থানীয় ক্রিকেট পিছিয়ে আছে, আমি চাই সেটাকে ঠিক করা হোক।”
কুমিল্লা ছাড়াও আসিফ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার ক্রিকেট প্রতিভাকে বিকশিত করতে চান। নোয়াখালী, ফেনী, চাঁদুপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলায় নতুন কিছু করার পরিকল্পনা আছে তার।
তিনি জানান, কাউন্সিলর হওয়ার আগ্রহ তার নিজস্ব ছিল না, তবে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
আজ বিসিবির পরিচালক পদের জন্য মনোনয়নপত্র বিতরণ হবে এবং আগামীকাল তা জমা দিতে হবে।

0 Comments