এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

সাকিব–মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে লিটনের নতুন ইতিহাস

 


ডেস্ক:  শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়ালেন লিটন দাস। তার ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ পেল দাপুটে জয়, আর লিটন নাম লেখালেন একের পর এক রেকর্ডে।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন লিটন। মাত্র ২৯ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করে দলকে জয়ের একেবারে কাছাকাছি নিয়ে যান অধিনায়ক।

এ ইনিংসের মধ্য দিয়ে লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থান দখল করেছেন। তার ঝুলিতে এখন ১১১ ম্যাচে ১০৯ ইনিংসে ২,৪৯৬ রান। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৪১ ম্যাচে ২,৪৪৪ রান)। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান, যার সংগ্রহ ২,৫৫১ রান। লিটনের ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে, পরের ম্যাচেই হয়তো তিনি সাকিবকেও পেছনে ফেলবেন—প্রয়োজন মাত্র ৫৫ রান।

শুধু রানেই নয়, ছক্কার তালিকাতেও ইতিহাস গড়েছেন লিটন। ১৬তম ওভারে ইয়াসিম মুর্তজার বলে ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন মাহমুদউল্লাহর রেকর্ড। এটি তার ক্যারিয়ারের ৭৮তম ছক্কা, যেখানে রিয়াদের ছক্কা ৭৭। সাকিব (৫৩) ও সৌম্য সরকার (৫৫) অনেক পিছিয়ে।

তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েছেন বাংলাদেশের এশিয়া কাপে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ জুটি। দুজনের ব্যাট থেকে এসেছে ৯৫ রান, যা আগের রেকর্ড (২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব–সাব্বিরের ৮২ রান) ভেঙে দিয়েছে।


Post a Comment

0 Comments