এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু


 

ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন সময়ে প্রাণ হারালেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে দরজার সামনে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ছিলাম এবং তিনি পোলিং অফিসার ছিলেন। ভোট গণনার সময়েই তিনি হঠাৎ পড়ে যান।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, “রাতে ভোট গণনা শেষ না হওয়ায় সকালে প্রীতিলতা হলের গণনা শুরু হয়। তিনি গণনাকেন্দ্রে এসে দরজার সামনে পড়ে যান। আমরা দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠালেও পরে জানতে পারি তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও শিক্ষক সমাজ জান্নাতুল ফেরদৌসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জান্নাতুল ফেরদৌস ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ সম্পন্ন করেন। তিনি চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্প ইতিহাস নিয়ে গবেষণা করছিলেন এবং বর্তমানে চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন ভোটার ২৫টি পদের জন্য ভোট দেন। মোট ১৭৭ প্রার্থী অংশ নেন, যার মধ্যে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

Post a Comment

0 Comments