ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে আমরা জয়ী হব এবং এককভাবে সরকার গঠনের সক্ষমতা আমাদের আছে।”
দেড় যুগ ধরে লন্ডনে থাকা তারেক রহমান জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে শিগগিরই দেশে ফিরবেন। তাঁর ভাষায়, “আমার বাংলাদেশে ফেরার সময় খুব কাছেই।”
সাক্ষাৎকারে তিনি জানান, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন সম্পূর্ণ হবে না। তিনি বলেন, বিএনপি অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্রনেতৃত্বাধীন নতুন দলগুলোকেও রাজনীতিতে স্বাগত জানাবে।
অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করতে ই-কমার্স খাতে বাংলাদেশকে আন্তর্জাতিক সরবরাহকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, তাঁর পররাষ্ট্রনীতি হবে “সবকিছুর আগে বাংলাদেশ।”
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকায় ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 Comments