নিজস্ব প্রতিবেদক: চাকরি জাতীয়করণ, ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী ফোরাম, রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বিক্ষোভকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে শ্লোগান দেন- “এক দফা এক দাবি- জাতীয়করণ চাই”, “ভিক্ষুক নয়, আমরা শিক্ষক”, “ন্যায্য দাবি বাস্তবায়ন করো, শিক্ষক সমাজ বাঁচাও।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ ও ফোরামের আহ্বায়ক সেরাজুল হক এবং সভাপতিত্ব করেন আইডিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ।
বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অগ্রভাগে থাকলেও তারা বঞ্চিত। সময় এসেছে চাকরি জাতীয়করণ ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার।”
কবি কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক নার্গিস পারভিন বলেন, “ভিক্ষুক নয়, আমরা শিক্ষক। অধিকার চাই, দয়া নয়।”
বাংলাদেশ শিক্ষক সমিতি পবা শাখার সচিব মহররম আলী খান বলেন, “সরকার শিক্ষা খাতে বাজেট বাড়ালেও শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ সীমিত। ন্যায্য দাবি না মানলে শিক্ষক সমাজে হতাশা বাড়বে।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদেই রাজশাহীতে এ কর্মসূচি পালিত হয়।

0 Comments