(রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর বাঘা উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার মধ্যে সর্বোচ্চ ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে বিদ্যালয়টির সুনাম আরও বৃদ্ধি করেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় মঙ্গলবার হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান এবং তাদের অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিব বলেন, “গত বছরের ৫ আগস্টের পর আমি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো বাঘা উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

0 Comments