এস বাংলা নিউজ২৪ -এ স্বাগতম

নামাজ পড়তে গিয়ে চুরি হয় ভ্যান; সম্মিলিত সহযোগিতার নতুন ভ্যান পেলেন বাঘার তরিকুল


  


নিজস্ব প্রতিবেদক;


রাজশাহীর বাঘায় মসজিদের সামনে থেকে অটোভ্যান হারিয়ে কর্মহীন হয়ে পড়া শারীরিক ও মানসিকভাবে অসুস্থ তরিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন। মানুষের সম্মিলিত সহযোগিতায় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন অটোভ্যান। এতে আবারও কর্মজীবনে ফেরার সুযোগ তৈরি হয়েছে অসহায় তরিকুলের।


জানা যায়, গত ৪ জুলাই বাঘা শাহী মসজিদে যোহরের নামাজ আদায় করতে যান উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তিনি দেখতে পান, তালাবদ্ধ অবস্থায় রাখা তাঁর অটোভ্যানটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

তরিকুল ইসলাম আলাইপুর গ্রামের আবুল হাশেম ও মোসা. মাজেদা বেগমের ছেলে। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকলে অটোভ্যান চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই কোনোভাবে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। কিন্তু অটোভ্যানটি হারিয়ে যাওয়ার পর তাঁর পরিবারের উপার্জনের প্রধান পথটি কার্যত বন্ধ হয়ে যায়।


এ অবস্থায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অসহায় তরিকুলের পাশে দাঁড়াতে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়। তাঁর হারিয়ে যাওয়া কর্মসংস্থান ফিরিয়ে দিতে নতুন একটি অটোভ্যান কিনে দেওয়ার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়।


এই আহ্বানে ব্যাপক সাড়া দেন স্থানীয় বাসিন্দা, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিজেদের সামর্থ্য অনুযায়ী অনেকেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে তরিকুল ইসলামের জন্য নতুন একটি অটোভ্যান কেনা হয়।

উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁরা অভিভূত। তাঁদের মূল উদ্দেশ্য ছিল তরিকুলের হারিয়ে যাওয়া জীবিকার পথটি পুনরায় তৈরি করে দেওয়া, যাতে তিনি অটোভ্যান চালিয়ে আবারও নিজের ও পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করতে পারেন।


মানবিক এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান (স্বপন) এবং ‘আমাদের বাঘা’ ফেসবুক কমিউনিটি গ্রুপের সিনিয়র অ্যাডমিন এস আর সাকিব রহমান। কার্যক্রমটি পরিচালনা করে ‘আমাদের বাঘা’ ফেসবুক গ্রুপ, মানব সেবা ফাউন্ডেশন ও আলাইপুর যুব সমাজ।

আয়োজনের উদ্যোক্তা সোহানুর রহমান সনি বলেন, “একজন অসহায় মানুষের হারিয়ে যাওয়া জীবিকার পথ পুনরায় তৈরি করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। মানুষের সম্মিলিত সহযোগিতায় তা সম্ভব হয়েছে।”


স্থানীয়রা বলছেন, অসহায় একজন মানুষের পাশে দাঁড়িয়ে নতুন অটোভ্যান তুলে দেওয়ার এই উদ্যোগ কেবল একটি যানবাহন উপহার দেওয়ার ঘটনা নয়; বরং এটি সমাজের মানুষের পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


নতুন অটোভ্যান হাতে পেয়ে আবেগাপ্লুত তরিকুল ইসলাম তাঁর পাশে দাঁড়ানো স্থানীয়, প্রবাসীসহ সকল সহযোগী ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments